দৈনিক খুলনা
The news is by your side.

কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে পানি ছাড়

25

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দিয়েছে কর্ণফুলী  পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে প্রতিটি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়।

গেট খোলার ফলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। উজান থেকে আসা পানির প্রবাহ নিয়ন্ত্রণ, হ্রদের পানির চাপ কমানো এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের গেটগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৪ দশমিক ০৮ এমএসএল (মিনস সি লেভেল)। হ্রদটির সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিপৎসীমায় পৌঁছানোর আগেই বাঁধের স্পিলওয়ের গেট খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খোলা হয়েছে। পানির প্রবাহ আরও বাড়লে পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে গেটের খোলার পরিমাণ বাড়িয়ে পানি নিষ্কাশন করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এসব ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।

এদিকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের গেট খোলার কারণে কর্ণফুলী নদীতে পানির প্রবাহ আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। হ্রদের পানির উচ্চতা ও উজানের প্রবাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।