দৈনিক খুলনা
The news is by your side.

এনজিও কার্যক্রমে সমন্বয় ও টেকসই উন্নয়নে কেশবপুরে মতবিনিময় সভা

18

কেশবপুর :

কেশবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত সমন্বয় সভা আয়োজনের প্রয়োজন রয়েছে।

সভায় জাগরণী চক্র ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম সংস্থাটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, জাগরণী চক্র ফাউন্ডেশন ১৯৭৬ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তর, জয়েন্ট স্টক কোম্পানি, এনজিও বিষয়ক ব্যুরো ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদনক্রমে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করে আসছে। নির্দিষ্ট বিধিমালা অনুসরণ করে পরিচালিত এ প্রতিষ্ঠানটি দেশের তৃণমূল মানুষের কল্যাণে কাজ করছে। এর প্রধান লক্ষ্য সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মো. হারুনার রশীদ বুলবুল।

সঞ্চালকের বক্তব্যে তিনি বলেন, এনজিওগুলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমকে আরও ফলপ্রসূ করা সম্ভব। বিভিন্ন সংস্থার মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি পেলে উন্নয়নের গতি আরও বেগবান হবে।

সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যতে সমন্বিত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ও সময়োপযোগী কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন সমাধান এনজিওর সিনিয়র ম্যানেজার মুনছুর আলী, রিইব এনজিওর সমন্বয়ক উজ্জ্বল, বাঁচতে শিখাও সংস্থার আসাদুজ্জামান, রিইব এনজিওর সমন্বয়কারী লাবণী, মানবসেবা ও সামাজিক সংস্থার সহ-পরিচালক সাদেক হোসেন, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, এসআর যুব ও সমাজকল্যাণ সংস্থার পরিচালক গোলাম কিবরিয়া, যশোর জেলা প্রতিবন্ধী ও যুব উন্নয়ন সংস্থার পরিচালক পিএমএ গফ্ফার, মানব উন্নয়ন সংস্থা, গড়ভাঙ্গা, কেশবপুরের পরিচালক মো. মোসলেম উদ্দীন, কপোতাক্ষ মহিলা ও যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়া পারভীন, স্পিক আপ বাংলাদেশ (জিইপি), কেশবপুরের এরিয়া কো-অর্ডিনেটর সরকার রাজা রুনা এবং ব্যুরো বাংলাদেশের সহকারী শাখা ব্যবস্থাপক অমরেশ কুমার মণ্ডলসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা উপজেলার উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।