দৈনিক খুলনা
The news is by your side.

ইরানের ইউরেনিয়াম দখলের পরিকল্পনা স্থগিত

19

মার্কিন সেনাবাহিনী ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখল করার পরিকল্পনা করেছিল, তবে সেই পরিকল্পনা স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মাসের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান কেইন গোপনে ফ্লোরিডায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড সদর দপ্তরে গিয়ে ইরানের ইউরেনিয়াম মজুত দখলের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা সম্পর্কে ব্রিফিং নেন।

বিষয়টি অতীব সংবেদনশীল হওয়ায়, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান কেইন ব্রাসেলসে ন্যাটোর বৈঠক মাঝপথে ছেড়ে ১৯ মে টম্পায় ফিরে আসেন। সিএনএন জানাচ্ছে, এই উচ্চপর্যায়ের আলোচনা থেকে বোঝা যায় যে, ট্রাম্প প্রশাসন ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান অনুমোদনের কাছাকাছি পৌঁছেছিল।

জেনারেল কেইন পরবর্তী পদক্ষেপ হিসেবে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো ট্রাম্পের সামনে তুলে ধরেন, তবে ট্রাম্প পরিকল্পনাটি স্থগিত করেন। তাকে সতর্ক করা হয়েছিল যে, এ ধরনের পদক্ষেপ ইরানের কঠোর পালটা প্রতিক্রিয়া ডেকে আনতে পারে এবং সংঘাত দীর্ঘায়িত করতে পারে।

এছাড়া, এতে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা হতাহতের আশঙ্কাও ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, এই সামরিক পরিকল্পনার কাজ চলাকালীন ট্রাম্প বলছিলেন যে, যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।