দৈনিক খুলনা
The news is by your side.

আট মাস পর শরণখোলা থেকে কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

1
কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় অপহরণের আট মাস পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাগেরহাটের শরণখোলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল অভিযুক্তসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কয়রা থানা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নামে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। সে স্থানীয় জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ছাত্রীর মা আসমা পারভীন বাদী হয়ে গত ২৫ মার্চ কয়রা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই ভুক্তভোগীকে উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
পুলিশ জানায়, অপহরণের পর অভিযুক্তরা বারবার মোবাইল নম্বর ও অবস্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত করতে বেগ পেতে হয়। দীর্ঘদিনের অনুসন্ধান ও তথ্য সংগ্রহের পর গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে অপহরণকারীদের সহযোগী ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শরণখোলায় অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণের মূল অভিযুক্ত রুবেল গাজী ও তার মা আছিয়া খাতুনকেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) এবং ভাই ইউছুপ গাজী (২৪)।
অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মন্ডল। তিনি জানান, মামলার তদন্তভার পাওয়ার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান ও তথ্য সংগ্রহ করা হচ্ছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শরণখোলায় এক আত্মীয়ের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং রুবেল গাজী ও তার মাকে গ্রেপ্তার করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম বলেন, উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।