দৈনিক খুলনা
The news is by your side.

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান: কেশবপুরে ভিডিও কনফারেন্স

22

কেশবপুর :

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত অবসর ও কল্যাণ সুবিধার অর্থ আইবাস++ (iBAS++)-এর মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে যশোরের কেশবপুরে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু এবং নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল।

ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্তের অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ আইবাস++ ব্যবস্থার মাধ্যমে প্রদান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সুবিধা পেতে দীর্ঘসূত্রতা কমবে এবং অর্থ প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ কর্মজীবনে শিক্ষা ও প্রতিষ্ঠান গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের অবসর ও কল্যাণ সুবিধা যথাসময়ে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইবাস++-এর মাধ্যমে অর্থ প্রদান কার্যক্রম চালু হওয়ায় সুবিধাভোগীদের অর্থ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীরা শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অবসরের পর তাদের প্রাপ্য অর্থ দ্রুত ও সুষ্ঠুভাবে পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইবাস++-এর মাধ্যমে অর্থ প্রদানের উদ্যোগ তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

কেশবপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। কর্মজীবন শেষে তাদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত নিশ্চিত করা জরুরি। এ ধরনের উদ্যোগ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করবে।

কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষক-কর্মচারীরা বছরের পর বছর দায়িত্ব পালন করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। তাদের প্রাপ্য অর্থ পেতে যেন কোনো ধরনের হয়রানি বা দীর্ঘসূত্রতা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক হতে হবে। আইবাস++ ব্যবস্থার মাধ্যমে অর্থ প্রদান এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তাদের প্রাপ্য সুবিধা দ্রুত পৌঁছে দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয়।”

নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা জীবনের গুরুত্বপূর্ণ সময় দেশের শিক্ষা বিস্তারে ব্যয় করেছেন। তাদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধা সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি হওয়া অত্যন্ত ইতিবাচক। একই সঙ্গে সুবিধাভোগীদের সঠিক তথ্য জানানো এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা এবং দ্রুততার সঙ্গে তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।