দৈনিক খুলনা
The news is by your side.

৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের

34

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তবে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের নিজ দেশে ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটি।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকার মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে।

তবে তালিকায় থাকা ৪ হাজার ২৪১ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে মিয়ানমার। এছাড়া আরও ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটি।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রাখাইন রাজ্যে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাই করা রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হবে। বর্তমানে অঞ্চলটিতে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত অব্যাহত থাকায় এখনই তাদের ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।

২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর থেকে কক্সবাজারসহ বিভিন্ন শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা অবস্থান করছে।

মিয়ানমারের দাবি, রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয়। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যেতে পারেনি।

এদিকে মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে ফিরিয়ে নিতে সম্মতি জানিয়েছে মিয়ানমার। তবে প্রত্যাবাসনের ফলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা থাকলে তাদের ফেরত পাঠানো হবে না বলে জানিয়েছে মালয়েশিয়া।