খুলনা :
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় ওজোপাডিকোর ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) বিদ্যুৎ শ্রমিক কল্যাণ সমবায় সংগঠনের উদ্যোগে অনশন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওজোপাডিকো ডিভিশন-৩-এর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা। সংগঠনের সভাপতি মো. শরিফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফিরোজ হাওলাদারের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ২১ জেলার প্রত্যন্ত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ সেবায় কাজ করে আসছেন তারা। গত ১৮ থেকে ২০ বছর ধরে বিনা বেতনে কাজ করেও তাদের চাকরি রাজস্ব খাতে স্থায়ী করা হয়নি। এ নিয়ে বিভিন্ন সময়ে ২১ জেলার দপ্তরে মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, বিদ্যুৎ ভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, পূর্বের কর্মসূচির সময় ওজোপাডিকোর তৎকালীন মহাব্যবস্থাপনা পরিচালক আশ্বাস দেওয়ায় কর্মবিরতি শিথিল করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গত ১৫ আগস্ট ন্যায্য দাবি নিয়ে যশোর দপ্তর থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়।
শ্রমিকদের দাবি, দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা চরম অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাই এক দফা এক দাবি হিসেবে ২১ জেলার লাইন সাহাযকারী (গেটিজ) শ্রমিকদের বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে দীর্ঘ কর্মঅভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে রাজস্ব খাতে চাকরি স্থায়ী করতে হবে।
বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে দুপুর সোয়া ১২টার দিকে ওজোপাডিকো ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. মঈন উদ্দিন ও ডিভিশন-৩-এর নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন অনশনরত শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান। এ সময় তারা শ্রমিকদের এক দফা দাবির কথা শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।