দৈনিক খুলনা
The news is by your side.

১ আগস্টের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা

24
শার্শা :

আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের যুব সমাবেশ সফল করার লক্ষ্যে শার্শা উপজেলা যুবদল ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৫টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান মধু।

সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম। সঞ্চালনা করেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দীপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। এছাড়া বক্তব্য দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহিদ ও আরঙ্গজেব।

এ সময় বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের নেতৃবৃন্দ এবং উপজেলার ১১টি ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রহমান মধু বলেন, আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুব সমাবেশ ইতিহাসের অন্যতম বৃহৎ ও সফল সমাবেশে পরিণত হবে। এ সমাবেশের মাধ্যমে যুবদলের সকল ইউনিট আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশে কোনো ফ্যাসিবাদী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। পাশাপাশি ৫ আগস্টের পূর্বে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

সভায় বক্তারা যুব সমাবেশ সফল করতে শার্শা উপজেলা, বেনাপোল পৌর ও অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।