দৈনিক খুলনা
The news is by your side.

হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

35

ঢাকা :

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণকে উপেক্ষা করা যাবে না। অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন। তাই হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ হৃদরোগ সম্পর্কে সচেতন এবং সচেতনতার গুরুত্বও উপলব্ধি করে। তবে অনেক সময় সেই সচেতনতাকে বাস্তব জীবনে কার্যকর করা হয় না। হৃদরোগের ক্ষেত্রে এ ধরনের অবহেলা ঝুঁকিপূর্ণ। হৃদয়ের কোনো সংকেত বা সতর্কবার্তা দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক সব ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ জীবনযাপন, রোগ সম্পর্কে সচেতনতা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক রোগের ঝুঁকি কমানো সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান, প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন তিনি।