সাতক্ষীরা :
সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে আবারও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই অনাথ মিত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি যশোরের পিকনিক কর্নার এলাকায় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালে দায়ের হওয়া মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সাতক্ষীরা সদর থানায় দণ্ডবিধির ৪৬৪/৩০২/২০১/১৪৯/৩৪ ধারায় রেকর্ড করা হয় (জিআর নং-৪০৩/২৪)।
এর আগে ২০২৫ সালের ২০ মে রাতে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার নিজ বাসা থেকে লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন সময়ে বিশেষ ক্ষমতা আইন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও একাধিক হত্যা মামলায় তাকে ধারাবাহিকভাবে শোন অ্যারেস্ট দেখানো হয়।
লায়লা পারভীন সেঁজুতির আইনজীবী অ্যাডভোকেট আল মাহামুদ পলাশ জানান, সর্বশেষ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও নতুন নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। এর আগে দায়রা জজ আদালত দুটি পৃথক হত্যা মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছিলেন।
মামলার বাদী মো. ইমদাদুল হক অভিযোগ করেন, তার ভাই শহিদুল ইসলামকে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যশোরের পিকনিক কর্নার এলাকায় গুলি করে হত্যা করা হয়। সে সময় মামলা দায়েরের চেষ্টা করেও তা গ্রহণ করা হয়নি বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।
পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।