দৈনিক খুলনা
The news is by your side.

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

43
মোরেলগঞ্জ :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের দুই দিন পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত ২৬ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনটি সোমবার (২৭ জুলাই) প্রকাশ্যে আসে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর পরিদর্শনকালে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবনের ব্যবহার এবং হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এসব অনিয়ম সরকারি স্বাস্থ্যসেবার মান ও সুনাম ক্ষুণ্ন করছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং তদন্ত কার্যক্রম চলাকালে তিনি যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারেন, সে কারণে সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সাময়িক বরখাস্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডা. মো. কামাল হোসেন মুফতি বলেন, “আপাতদৃষ্টিতে মাননীয় মন্ত্রী যে ত্রুটিগুলো দেখেছেন, সেগুলোর দায় আমার ওপর বর্তায়। সে কারণেই কর্তৃপক্ষ আমাকে সাময়িক বরখাস্ত করেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উঠে আসবে বলে আমি আশা করছি।”

উল্লেখ্য, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আকস্মিকভাবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়মের বিষয় সামনে আসে, যার পরিপ্রেক্ষিতে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।