দৈনিক খুলনা
The news is by your side.

স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি জনি গাজী র‌্যাবের জালে

9
খুলনার ডুমুরিয়া উপজেলায় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জনি গাজীকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি।
র‌্যাব সূত্র জানায়, র‌্যাব ফোর্সেস নিয়মিতভাবে বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি দল ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে কাঁঠালতলা বাজারের একটি চায়ের দোকান থেকে ডুমুরিয়া থানার হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর পলাতক আসামি জনি গাজীকে গ্রেফতার করা হয়। তিনি ডুমুরিয়া উপজেলার বাসিন্দা এবং আতিয়ার গাজীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জনি গাজী ও নিহত বিথি আক্তার স্বামী-স্ত্রী ছিলেন। গত ৫ মে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জনি গাজী ঘরে থাকা পেট্রোল বিথি আক্তারের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। বিথি আক্তারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বাবা অপু গাজী বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।