দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার, ৪ জেলে ও ২ নৌকা আটক

41

খুলনা :
সুন্দরবনের বাইনতলা খাল এলাকায় নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের ব্যবহৃত দুটি নৌকা, মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান এবং কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।

আটক জেলেরা হলেন কয়রা উপজেলার গোলখালী গ্রামের তরিকুল সরদার (২১), শরিফুল ইসলাম (২৬), ওসমান সরদার (৬০) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আব্দুর রহমান (৩০)।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে চলমান নিষেধাজ্ঞা অমান্য করে তারা মাছ শিকার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি নৌকা, জাল এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ সময়ে বন ও নদী-খালে মাছ শিকার কিংবা বনজ সম্পদ আহরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।