দৈনিক খুলনা
The news is by your side.

সিলেটে ফাহিমা হত্যা মামলার আসামির ওপর আদালত প্রাঙ্গণে ফের হামলা

22

সিলেট :

সিলেটে শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের ওপর আদালত প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করার সময় এ ঘটনা ঘটে।

হামলার পর পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তার মধ্যেই আসামিকে আদালতে তোলা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে জাকির হোসেনকে আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বরে আগে থেকেই অবস্থান করছিলেন নিহত ফাহিমার স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আদালত ভবনের দিকে নেওয়ার সময় তারা জাকিরের ওপর হামলার চেষ্টা চালান। পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাকে উদ্ধার করে আদালতের ভেতরে নিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই আসামিকে আদালতে আনা হয়েছিল। এ সময় কিছু বিক্ষুব্ধ ব্যক্তি তাকে হেনস্তার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং আসামিকে হেলমেট পরিয়ে নিরাপদে আদালতে তোলা হয়।

এর আগে গত ২৩ জুন একই মামলায় আদালতে হাজির করার সময়ও জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময়ও ফাহিমার স্বজন ও স্থানীয়রা তাকে মারধর করেন।

উল্লেখ্য, গত ১১ মে শিশু ফাহিমাকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে তার প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তদন্ত শেষে ঘটনার এক মাস পাঁচ দিনের মাথায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।