খুলনা বিশ্ববিদ্যালয় :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদে এবং আসরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খানসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ, এস্টেট শাখা প্রধান ও অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।