দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান

28

সাতক্ষীরা :

সাতক্ষীরা পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে কঠিন ও পয়ঃবর্জ্যের কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। একই সঙ্গে বর্জ্যকে ফেলে না দিয়ে পুনর্ব্যবহার ও রিসাইক্লিংয়ের মাধ্যমে অর্থনৈতিক সম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) শহরের সুন্দরবন ফাউন্ডেশন কার্যালয়ে ‘সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক অংশীজন পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন। ফিনিশ মন্ডিয়াল ও ওয়েস্ট-এর সহায়তায় এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ বাড়ছে। এর সঙ্গে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে শহরের ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে খাল, নদী ও জলাশয়সহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে।

তারা আরও বলেন, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ না করা এবং নিয়মিত সেপটিক ট্যাংক পরিষ্কার বা খালি করার অভ্যাস না থাকায় বর্জ্য ব্যবস্থাপনার সংকট আরও প্রকট হচ্ছে। এ সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফিনিশ মন্ডিয়ালের সিটি কোঅর্ডিনেটর খাইরুল বারী ও সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের পরিচালনায় এবং শিক্ষকবিদ পল্টু বাসারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইদ্রিস আলী, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, আনন্দের প্রজেক্ট ম্যানেজার আমিরুল ইসলাম, পল্লী চিকিৎসক আহছান আজীম লাভলু, রিয়াজুল ইসলাম, হৃদয় মণ্ডলসহ স্থানীয় সিবিও ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বর্জ্যকে বোঝা হিসেবে না দেখে সম্পদ হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিকল্পিতভাবে বর্জ্য সংগ্রহ, উৎসে পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও রিসাইক্লিংয়ের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ দূষণ কমানো সম্ভব, অন্যদিকে বর্জ্য থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগও তৈরি হতে পারে।

সভা থেকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সাতক্ষীরা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।