সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, খুলনার আয়োজনে এবং জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাতক্ষীরায় সপ্তাহব্যাপী ৩২ দলীয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় দিনের পর্ব সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে জেলা সদরের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। দুই পর্বে মোট আটটি বিতর্ক অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চারটি সমসাময়িক বিষয়ে শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। বিষয়গুলো ছিল—‘ধর্মীয় অনুশাসন না মানার মানসিকতা দুর্নীতি বিস্তারের প্রধান কারণ’, ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’, ‘পারিবারিক মূল্যবোধের অবক্ষয়ই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ এবং ‘তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে’।
প্রথম পর্বে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং ভোমরা ইউনিয়ন দাখিল মাদ্রাসাকে পরাজিত করে হযরত আবু বক্কর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসা বিজয়ী হয়।
দ্বিতীয় পর্বে সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে বাবুলিয়া জয়মতি শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসাকে পরাজিত করে আহসানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা, দ্য পোল-স্টার পৌর হাইস্কুলকে পরাজিত করে পিএন বিআইএম ল্যাবরেটরি স্কুল এবং সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন।
প্রতিযোগিতায় মূল্যায়নকারীর দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন, পিয়া মন্ডল ও মো. রুবেল হোসেন। মডারেটর ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল ওহাব আজাদ এবং সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কমিটির সহ-সভাপতি মো. রেজাউল করিম।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা, নৈতিক মূল্যবোধ, যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতাটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে।