সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগরে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ১৭ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।
অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই ত্রাণ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই সহায়তা হয়তো সব প্রয়োজন পূরণ করবে না, তবে এটি বিজিবির আন্তরিকতা, সহমর্মিতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। দুর্যোগ, সংকট কিংবা যেকোনো কঠিন পরিস্থিতিতে বিজিবি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।
ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, দেশের আইন মেনে চলা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং সবার শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।