দৈনিক খুলনা
The news is by your side.

শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

38

কেশবপুর :

যশোরের কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সংগঠনের সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির আয়োজনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. লিয়াকত আলী।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মুন্সী মুহা. আব্দুল মান্নানকে সভাপতি, মো. বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক এবং কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটির নেতৃত্বে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং দেশের শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা খাতের উন্নয়নে কাজ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক পরিবারের নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসারদের ন্যায়সংগত অধিকার আদায় এবং সমিতির কল্যাণে নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে দীর্ঘদিনের প্রতীক্ষিত নিয়োগ বিধি প্রণয়ন এবং ৫ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নবনির্বাচিত কমিটির বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সংগঠনের সাবেক নেতৃবৃন্দের অবদান ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতি আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের কল্যাণ এবং পেশাগত অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।