দৈনিক খুলনা
The news is by your side.

শার্শা ও বেনাপোল পৌর যুবদলের প্রতিবাদ মিছিল ও পথসভা

28
শার্শা  :

সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের আয়োজনে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা বলেন, দেশে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনতে অপপ্রচার, মিথ্যাচার ও কুৎসা রটনার রাজনীতি পরিহার করতে হবে। যুবদল জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু বলেন, যুবসমাজকে বিভ্রান্ত করার সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। শিষ্টাচারবহির্ভূত রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বক্তব্য দেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, শরিফুল ইসলাম পিন্টু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, মীর আলম, জনি হায়দার, আতাউর রহমান, ইউনুচ আলী, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা রাজনৈতিক সহনশীলতা, শালীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান এবং অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।