দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

32

শার্শা :

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চটকাপোতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিন হোসেন চটকাপোতা গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে স্কুল থেকে বাড়িতে ফিরে হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে সে অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা জানান, স্কুল থেকে বাড়িতে ফেরার পর হাত-মুখ ধোয়ার জন্য মোটরের সুইচ দিতে গিয়েছিল মুস্তাকিন। এ সময় দুর্ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে মুস্তাকিনকে মৃত ঘোষণা করা হয়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মুস্তাকিনের আকস্মিক মৃত্যুতে চটকাপোতা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বাড়িঘরে বৈদ্যুতিক সংযোগ ও মোটরের সুইচ ব্যবহারের ক্ষেত্রে শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।