দৈনিক খুলনা
The news is by your side.

শার্শায় দুই বিদেশি পিস্তল ও চার ম্যাগাজিন উদ্ধার, আটক ২

28

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রুদ্রপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা রাসেল রানার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাকে নিজ বসতঘর থেকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের শয়নকক্ষ তল্লাশি করে বালিশের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এরপর আটক রাসেলের দেওয়া তথ্য অনুযায়ী বেনাপোলের পুটখালী এলাকা থেকে তার সহযোগী হিসেবে পরিচিত জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রাসেল রানার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সুজন কুমার মণ্ডল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।