দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে সরকারি ট্যাগযুক্ত বস্তায় ধান পরিবহন: ব্যবসায়ী গ্রেপ্তার, ৪৩১ বস্তা ধান জব্দ

61

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সরকারি ট্যাগযুক্ত বস্তায় ধান পরিবহনের অভিযোগে এক ধান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধানবোঝাই একটি ট্রাকসহ ৪৩১ বস্তা ধান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর নাম সাধন ঘোষ (৩৮)। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে থাকা ৪৩১ বস্তা ধান জব্দ করা হয়। বস্তাগুলোতে সরকারি সিল ও ট্যাগ লাগানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়ী সাধন ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান সংগ্রহ করে সরকারি বস্তায় ভরে খুলনার দিকে নিয়ে যাচ্ছিলেন। সরকারি বস্তা ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত সুবিধা নেওয়ার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান বাদী হয়ে বুধবার (১৭ জুন) সকালে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-১৪, তারিখ ১৭ জুন ২০২৬।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সরকারি বস্তায় ধান পরিবহনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ট্রাক ও ধান খাদ্য বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

স্থানীয় সূত্র বলছে, সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় ব্যবহৃত বস্তা ও ট্যাগ সাধারণত সরকারি গুদামে ধান ও চাল সংরক্ষণ এবং পরিবহনের কাজে ব্যবহৃত হয়। ফলে এসব বস্তা বেসরকারি কাজে ব্যবহারের অভিযোগ উঠলে তা খাদ্য বিভাগের সম্পদ ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের জন্ম দেয়।

তবে জব্দ করা ধান সরকারি গুদাম থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল কি না, নাকি শুধুমাত্র সরকারি বস্তা ব্যবহার করা হয়েছিল—সেই বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।