দৈনিক খুলনা
The news is by your side.

শরণখোলায় বেসরকারি হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

25

শরণখোলা (বাগেরহাট) :

বাগেরহাটের শরণখোলায় হাছিনা খানম (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তিনি রায়েন্দা পাঁচ রাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খানম। দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।