দৈনিক খুলনা
The news is by your side.

লেবাননকে ‘আরেকটি গাজা’ হতে না দেওয়ার আহ্বান স্লোভাকিয়ার

19

স্লোভাকিয়া সতর্ক করে বলেছে, লেবাননকে যেন ‘আরেকটি গাজা’তে পরিণত হতে না দেওয়া হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউরাই ব্লানার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তিকে সম্মান করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসআর জানিয়েছে, ব্রাতিস্লাভায় স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্লানার মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরান-সংক্রান্ত উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

ব্লানার বলেন, “আমরা চাই না লেবানন গাজার আরেকটি অংশ হয়ে উঠুক। সে কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিগুলো ইসরায়েলেরও মেনে চলা প্রয়োজন।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংকট মোকাবিলায় স্লোভাকিয়া ও স্পেনের অবস্থান অভিন্ন। উভয় দেশই কূটনীতি, সংলাপ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাকে অগ্রাধিকার দেয়।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে, তাদের নাগরিকরা আবার লেবাননে ভ্রমণ করতে পারবেন। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর নিরাপত্তাজনিত কারণে যে দুই মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে।