দৈনিক খুলনা
The news is by your side.

“ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে ট্রাম্পের দাবি, নাকচ তেহরান”

10

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তেহরানের অনুরোধের পরই আলোচনায় বসতে সম্মত হয়েছে ওয়াশিংটন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।”

তবে ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই সম্পূর্ণ ভিন্ন অবস্থান জানায় তেহরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী বলেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের কোনো ‘টেকনিক্যাল টিমের’ বৈঠকের পরিকল্পনা নেই।

ফলে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে। একদিকে ট্রাম্প বৈঠক নিশ্চিত হওয়ার দাবি করছেন, অন্যদিকে ইরান তা সরাসরি অস্বীকার করছে।

এ পরিস্থিতিতে দোহায় সম্ভাব্য বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, কাতারে অবরুদ্ধ থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করা হবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, কয়েক দিনের উত্তেজনার পর হামলা বন্ধ এবং হরমুজ প্রণালি ইস্যুতে আলোচনা চালাতে ইরান ও যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে।