দৈনিক খুলনা
The news is by your side.

লনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ‘ন্যাট-টেস্ট’ অনুষ্ঠিত

34

খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাপানি ভাষা দক্ষতা মূল্যায়ন পরীক্ষা ন্যাট-টেস্ট (NAT-TEST) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ পরীক্ষায় খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপানি ভাষা শিক্ষার্থী, উচ্চশিক্ষায় আগ্রহী এবং জাপানে কর্মসংস্থানের প্রত্যাশী বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট চালুর মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা, আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান, ন্যাট-টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান Senmon Kyouiku Publishing-এর প্রেসিডেন্ট কামাতা সাতোশি, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর পরিচালক ও ন্যাট-টেস্ট সাইট ডিরেক্টর প্রফেসর ড. মো. আশিক উর রহমান, টেস্ট সাইট কো-অর্ডিনেটর এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ন্যাট-টেস্ট (NAT-TEST) জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ক্ষেত্রে এই পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।

বর্তমানে জাপানে দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী দেশটিতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণে আগ্রহী হচ্ছেন। এতদিন দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীদের ন্যাট-টেস্টে অংশ নিতে ঢাকায় যেতে হতো, যা সময় ও ব্যয়ের পাশাপাশি ভোগান্তিরও কারণ ছিল।

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে অফিশিয়াল ন্যাট-টেস্ট সাইট চালু হওয়ায় সেই সীমাবদ্ধতার অবসান ঘটেছে। এর মাধ্যমে ঢাকার বাইরে প্রথম অফিসিয়াল ন্যাট-টেস্ট কেন্দ্র হিসেবে নতুন মাইলফলক স্থাপন করেছে বিশ্ববিদ্যালয়টি। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বৃহত্তর অঞ্চলের শিক্ষার্থী, বিদেশগামী কর্মী, প্রশিক্ষণার্থী ও জাপানে উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থানে আগ্রহীরা এখন নিজ অঞ্চলে থেকেই আন্তর্জাতিক মানের এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।