দৈনিক খুলনা
The news is by your side.

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্রী

22

রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ কার্যক্রম শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পতিত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের কাজ চলছে। এ অবস্থায় যারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।

যেকোনো সংকট মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংকটের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করবে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, “এখন সময় রাষ্ট্র মেরামতের, দেশ পুনর্গঠনের।” জনগণের দেওয়া আস্থার ওপর ভরসা রেখে বিএনপি সরকার দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

বিদ্যুৎ সংকট সমাধানে ১০ বছরের মাস্টারপ্ল্যান

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের অপরিকল্পিত মেগা প্ল্যানের কারণে বর্তমানে এ সংকট তৈরি হয়েছে। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনে আগামী ১০ বছরে কীভাবে দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে, সে বিষয়ে সরকারের একটি মাস্টারপ্ল্যান জাতির সামনে উপস্থাপন করা হবে।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড

প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানদের হাতে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। কিশোরগঞ্জ থেকেই এর কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।

এ ছাড়া কৃষকদের আর্থিক সহায়তা এবং সহজে সার, বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ চালুর কথাও জানান তিনি।

নারীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের পেছনে রেখে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সব ব্যয় সরকার বহন করবে এবং ভালো ফলাফল অর্জনকারী ছাত্রীদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

পাশাপাশি গ্রামের দরিদ্র ও সাধারণ পরিবারের প্রায় ১ কোটি ২০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে নতুন বইয়ের পাশাপাশি বছরে অন্তত একবার বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে সড়কপথে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে গাজীপুরের ভাওয়াল বাজার এলাকায় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দেখা হলে গাড়ি থামিয়ে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর