মোংলা :
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার একটি অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক মো. শরীফুলের কাছ থেকে চাবি নিয়ে নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্ট থেকে ছয়টি ছাগল অ্যাম্বুলেন্সে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর রাতে খুলনার জিরো পয়েন্টে অ্যাম্বুলেন্সে ছাগল তোলার দৃশ্য ধারণ করে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ছাগলগুলো মোংলায় নিয়ে আসা হয়। ছাগলগুলো মোংলার ব্যবসায়ী মো. রশিদের বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, এর আগেও রাতের বেলায় অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অ্যাম্বুলেন্সচালক মো. শরীফুল দাবি করেন, অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনা এটিই প্রথম। এ জন্য তিনি কোনো টাকা নেননি বলেও জানান।
ছাগল ব্যবসায়ী মো. রশিদ বলেন, তিনি চুকনগর থেকে ছাগল কিনে খুলনার জিরো পয়েন্টে যান। সেখানে অন্য কোনো গাড়ি না পেয়ে অ্যাম্বুলেন্স থামিয়ে ছয়টি ছাগল মোংলায় নিয়ে আসেন। এ জন্য চালককে কোনো টাকা দেননি বলেও দাবি করেন তিনি।
জানা গেছে, মোংলা থেকে খুলনায় রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে ছাগলগুলো পরিবহণ করা হয়। এ ঘটনায় গত শুক্রবার (২ অক্টোবর) পৌর কর্তৃপক্ষ চালক শরীফুলের কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে নেয়।
সরকারি সেবায় ব্যবহৃত অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।