দৈনিক খুলনা
The news is by your side.

“মোংলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, ফল মেলা ও কৃষি উপকরণ বিতরণ”

21

মোংলা :
বাগেরহাটের মোংলায় লবণাক্ততা অধ্যুষিত এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা, দেশীয় ফলের মেলা এবং কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা ও ফল মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দেশীয় ফলের মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ, উপপরিচালক (পিপি) অপূর্ব লাল সরকার, মোংলা উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।

কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে বিশেষ করে লবণাক্ত জমিতে কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রায় ১০ লাখ কৃষককে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ ও আন্তর্জাতিক মানের কৃষিপণ্য উৎপাদন এবং ফল চাষ ও সংরক্ষণে সচেতনতা বাড়ানো হবে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে গাছের চারা, জৈব সার, ধানের বীজ এবং চারা পরিচর্যার জন্য নেট ও বাঁশ বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এসব সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।