পাইকগাছা :
মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষ করে ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন খুলনার পাইকগাছার মেধাবী আব্দুল্লাহ আল মামুন। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ২০০ প্রার্থীর মধ্যে তার অবস্থান ১৩৬তম।
আব্দুল্লাহ আল মামুন পাইকগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোপালপুর গ্রামের মাওলানা এনামুল হক গাজীর ছেলে। তার মা হ্যাপিয়ারা বেগম একজন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি সম্পন্ন করেছেন তিনি।
আব্দুল্লাহ আল মামুন রাজশাহীর আল-মারকাযুল ইসলামী আস-সালাফী থেকে দাখিল এবং গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ‘খ’ ইউনিটে ১১তম এবং ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন তিনি।
তবে জুডিশিয়াল সার্ভিসে আসার পথটি তার জন্য সহজ ছিল না। প্রথমবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। এতে হতাশ না হয়ে পরবর্তী পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেন তিনি। দীর্ঘ অধ্যবসায় ও ধারাবাহিক প্রচেষ্টার পর এবার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, “গত আট বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। নিজের অদম্য ইচ্ছাশক্তি ও চেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছে।”
সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “সফলতার পেছনে নিজের স্বপ্ন ও পরিশ্রমের পাশাপাশি বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার এই স্বপ্ন পূরণ করার মতো সক্ষমতা আমার আছে—তাঁরা এটা মনে-প্রাণে বিশ্বাস করতেন। বাবা-মায়ের এই আস্থা ও বিশ্বাসই আমাকে প্রতিনিয়ত পরিশ্রম করার মানসিক শক্তি জুগিয়েছে।”
আব্দুল্লাহ আল মামুন তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করেন। ভবিষ্যতে দেশের মানুষের আইনি সেবা দেওয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “দেশের মানুষকে আইনি সেবা প্রদানের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”