দৈনিক খুলনা
The news is by your side.

মাদক ও সন্ত্রাস রুখতে তরুণদের খেলাধুলায় মনোনিবেশের আহ্বান

93

বাগেরহাট :

বাগেরহাটের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী এবং মানবিক সংগঠন বন্ধন ব্লাড ডোনার ব্যাংক-এর প্রধান উপদেষ্টা শেখ নাহিদুজ্জামান (রাজু) বলেছেন, তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

সোমবার (৬ জুলাই) দুপুরে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মাদক ছেড়ে তরুণদের আবারও খেলার মাঠে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজেদের দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকতে পারবে।”

তিনি আরও বলেন, “আগামী প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে ফাইয়াজ এস্টেট-এর পক্ষ থেকে বাগেরহাটের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন খেলার মাঠ ও ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া তিনটি প্রতিষ্ঠানে টেলিভিশন প্রদান এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে শেখ নাহিদুজ্জামান রাজু দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে লেখাপড়া থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যেও বিভিন্ন সহযোগিতা অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগও চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মো. আরিফুল ইসলাম, রাফি, জুয়েল, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাংবাদিক মোল্লা তরিকুল ইসলাম, আসাদুজ্জামান শেখ সোবহান, রিয়াদ মোড়ল, সংরক্ষিত নারী কাউন্সিলর বিচিত্রা রানী পাল, শিক্ষক, সমাজসেবক এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, খেলাধুলার প্রসার ঘটলে তরুণ সমাজ সুস্থ বিনোদনের পাশাপাশি অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে এবং একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।