রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ
মোংলা :
রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র নারী, পুরুষ ও শিশু এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপালে বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জনের মাঝে হুইলচেয়ার এবং ১৫ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট প্রধান অভিষেক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র এবং এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মিস মীনা ভার্মা।
অনুষ্ঠানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আনোয়ারুল আজিম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য মোট ৩০টি হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ ছাড়া সারা বছরই এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। ভবিষ্যতেও এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।