ঢাকা :
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপর সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কে অংশ নিচ্ছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার দ্বিপাক্ষিক সফর ও আলোচনার ওপরই বেশি জোর দিচ্ছে। পরিবেশ অনুকূল হলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলে দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তাড়াহুড়োর কিছু নেই বলেও জানান তিনি।
গঙ্গা পানি চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানেই সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। বিভিন্ন গণমাধ্যমে কী বলা হচ্ছে, তার চেয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান এবং সান ফ্রান্সিসকো সফর প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে কাজ চলছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি ও চূড়ান্ত সিদ্ধান্ত দল রওনা হওয়ার আগেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।