দৈনিক খুলনা
The news is by your side.

সোনারগাঁয়ে সওজের জায়গায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

22

নারায়ণগঞ্জ :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এতে তারা প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থে অভিযান চালিয়ে সওজের জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মামুন সরকার জানান, সওজের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।