ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক
প্রতিবেদন:
ঢাকা প্রতিনিধি | দৈনিক খুলনা
ব্যাংকে নতুন হিসাব (অ্যাকাউন্ট) খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, এখন থেকে যে কোনো ব্যক্তি নতুন ব্যাংক হিসাব খুলতে গেলে টিআইএন সনদ প্রদর্শন করতে হবে। করজাল সম্প্রসারণ এবং করদাতার সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়।
তবে কিছু ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শিথিল রাখা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন প্রয়োজন হবে না। এছাড়া নো-ফ্রিলস অ্যাকাউন্ট, ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা গ্রহণের জন্য খোলা হিসাব এবং পেনশনভোগীদের ব্যাংক হিসাবের ক্ষেত্রেও টিআইএন প্রদর্শনের বাধ্যবাধকতা থাকছে না।
সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭ কোটিরও বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতে নতুন হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক হবে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এ পদক্ষেপের ফলে করদাতার আওতা বৃদ্ধি পাবে এবং দেশের রাজস্ব আহরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতেও এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত দিয়েছেন।
প্রস্তাবটি কার্যকর হলে ব্যাংকিং খাতে নতুন হিসাব খোলার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।b