দৈনিক খুলনা
The news is by your side.

বৃষ্টিকে উপেক্ষা করে সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলে উপচে পড়া ভিড়

29

সাতক্ষীরা :

মুষলধারে বৃষ্টিও সাতক্ষীরার ফুটবলপ্রেমীদের মাঠে আসা থামাতে পারেনি। জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে সোমবার (১৭ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জড়ো হন কয়েক হাজার দর্শক। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে উৎসবের আমেজ।

সোমবার বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কণক, সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শ্যামনগর উপজেলা একাদশ ও কলারোয়া উপজেলা একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কলারোয়া উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে শ্যামনগর উপজেলা দল।

সকাল থেকেই সাতক্ষীরাজুড়ে টানা বৃষ্টিপাত হলেও বিকেলেও দর্শকদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। কেউ ছাতা নিয়ে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই মাঠের চারপাশ ও গ্যালারিতে অবস্থান করে খেলা উপভোগ করেন। দীর্ঘদিন পর জেলা স্টেডিয়ামে ফুটবলকে ঘিরে এমন দর্শকসমাগমে পুরো এলাকা ক্রীড়া উৎসবে পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন বলেন, দীর্ঘদিন ধরে মানুষ খেলাধুলা থেকে অনেকটা দূরে ছিল। একটি সুগঠিত দেশ ও জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত উর্বর একটি অঞ্চল।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।