দৈনিক খুলনা
The news is by your side.

বিয়ের দাওয়াতের নামে ডেকে নারীর ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ২

29

নাটোর :

নাটোরের বড়াইগ্রামে বিয়ের দাওয়াতের কথা বলে এক যুবককে ডেকে নিয়ে আটকে রেখে ব্ল্যাকমেইল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৪ আগস্ট রাতে শৈবাল চৌধুরী (২২) নামে এক যুবককে বনপাড়া সরদারপাড়ার একটি ভাড়া বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও মারধর করা হয় বলে অভিযোগ। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাসেল হোসেন (৩৭) ও রহিদুল ইসলাম রোহান (২৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজন একটি সংঘবদ্ধ ব্ল্যাকমেইলিং চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।