দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে অ্যাক্রেডিটেশন প্রস্তুতি জোরদারে কর্মশালা

24

খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “ক্যাপাসিটি বিল্ডিং ফর ডকুমেন্ট সাপোর্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন প্রিপেয়ার্ডনেস” শীর্ষক কর্মশালা সোমবার (১৩ জুলাই) দুপুর ২টায় আইকিউএসি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, একটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা, সেবার উৎকর্ষ এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সুশৃঙ্খল ডকুমেন্টেশন ও অ্যাক্রেডিটেশন প্রস্তুতির বিকল্প নেই। সঠিক নথি সংরক্ষণ, তথ্যের নির্ভুলতা, মান নিয়ন্ত্রণ এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ জনবল গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের ডকুমেন্ট ম্যানেজমেন্ট, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি), প্রয়োজনীয় নীতিমালা এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ব্র্যান্ডিং গড়ে ওঠে তার একাডেমিক উৎকর্ষ, গবেষণার মান এবং দক্ষ মানবসম্পদের মাধ্যমে। শক্তিশালী ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী, গবেষক ও আন্তর্জাতিক সহযোগীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে।

ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, অ্যাক্রেডিটেশন কেবল একটি সনদ অর্জনের বিষয় নয়; এটি একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমকে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিয়মিত মূল্যায়নের প্রক্রিয়া।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-এর উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী পর্ব শেষে টেকনিক্যাল সেশনে “Understanding of Accreditation Requirements and Documentation” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এছাড়া “Competent Document Retrieval for Audit and Evaluation Support” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক শাখায় কর্মরত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।