দৈনিক খুলনা
The news is by your side.

বাবার দাফন শেষে এইচএসসি পরীক্ষা দেওয়া সেই ইকনের পাশে জেলা প্রশাসক

31

বাগেরহাট :

বাবার দাফন শেষে রাতভর কর্মস্থলে দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ইকনের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন এবং ইকনের মামা বাবু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া (৪৫) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেদিন বিকেলে বাবার দাফন সম্পন্ন করে রাতেই কর্মস্থলে ফিরে এটিএম বুথে দায়িত্ব পালন করেন ইকন।

পরদিন বুধবার তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। বাবার মৃত্যু শোককে বুকে চেপে দায়িত্ব ও শিক্ষার প্রতি তার এই নিষ্ঠা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়। বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে তার পাশে দাঁড়ান জেলা প্রশাসক।