বাগেরহাট :
বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। জেলার উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার বিষয়টি তুলে ধরে তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সংসদে দেওয়া লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান, বর্তমানে বাগেরহাট জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে পার্শ্ববর্তী খুলনা জেলায় তিনটি সরকারি ও আটটি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ১৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে। এ বাস্তবতায় বর্তমানে বাগেরহাটে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
তবে মন্ত্রী তার উত্তরে উল্লেখ করেন, ভবিষ্যতে প্রয়োজনীয়তা, চাহিদা ও বাস্তবতা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সংসদে বিষয়টি উত্থাপন করায় বাগেরহাটের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের মতে, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে এমপি শেখ মনজুরুল হক রাহাদের এ উদ্যোগ জেলার শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা আশা করছেন, এ দাবির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাগেরহাটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সম্ভাবনা আরও জোরালো হবে।