দৈনিক খুলনা
The news is by your side.

বাগেরহাটে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

28

 বাগেরহাট:

বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজারে ছাত্রলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ জুলাই) রাতে সিএন্ডবি বাজারে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মিজানুর মাহমুদ রাজন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। তিনি দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা ফরহাদ হোসেন, পিলজং ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার বিল্লাল হোসেন, রাখালগাছি ইউনিয়ন বিএনপির সদস্য শেখ সাইফুজ্জামান বাবু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ সোহাগ উদ্দিন, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা ওবায়দুল ইসলাম চাঁদ, রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।