দৈনিক খুলনা
The news is by your side.

বর্ষায় আমিরপুর সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষের

27

পাইকগাছা :

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গড়ইখালী-সুড়িখালী প্রধান সড়কের গার্লস স্কুল সংলগ্ন চৌরাস্তা মোড় থেকে আমিরপুরের মুনির বাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি আমিরপুর, হোগলারচক, বাইনবাড়িয়া, কুমখালী, ভাগবাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদর ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের একমাত্র ভরসা। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের অধিকাংশ ইট মাটির নিচে চাপা পড়ে গেছে কিংবা সড়কের পাশের খাদে ছিটকে পড়েছে।

স্থানীয়রা জানান, সড়কের কোথাও কোথাও অল্প কিছু ইট থাকলেও তা এলোমেলো অবস্থায় রয়েছে। বর্ষার বৃষ্টিতে বড় বড় গর্তে পানি জমে যাওয়ায় মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, নসিমন-করিমনসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আমিরপুর গ্রামের বাসিন্দা জোগেশ মণ্ডল বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতে পারছেন না। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত কার্পেটিংসহ টেকসইভাবে সংস্কার করা হোক, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়।

এ বিষয়ে গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু বলেন, পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার করা হচ্ছে। আমিরপুর সড়কটিও সংস্কারের পরিকল্পনায় রয়েছে।

উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, তিনি নিজে সড়কটি পরিদর্শন করেছেন এবং এর অবস্থা অত্যন্ত খারাপ। ইতোমধ্যে খুলনা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সড়কটির উন্নয়নের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল, তবে সেটি অনুমোদন পায়নি। এরপরও যেকোনো উপায়ে সড়কটি সংস্কারের চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।