দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

28

বাগেরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১৯৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও অস্থায়ী কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এদিন প্রায় ১৫ হাজার শিশু বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে।

সকালে টাউন-নওয়াপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দেবরাজ মিত্র, এমটিইপিএ মো. কামাল হোসেন, পরিসংখ্যানবিদ সুকুমার ভট্টাচার্য, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রশিদা সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও অন্ধত্ব প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সরকারের এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলার ১৯৩টি কেন্দ্রে সফলভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।