দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে ডহরমৌভোগ কালীগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

99

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ কালীগঙ্গা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে ডহরমৌভোগ ১ ও ২ নম্বর ওয়ার্ডের চারপাড়া একতা যুব সংঘের আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঙ্গা নদীতে এ প্রতিযোগিতা চলে। এতে আটটি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইফতেখার আহমেদ পলাশ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোড়ল কামরুজ্জামান, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুজ্জামান রিপন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলধা-মৌভোগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাশ তরফদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা সংগ্রাম তরফদার।

এ সময় বিএনপি নেতা কামরুল ইসলাম কাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাহিদুর রহমান মুক্ত।