দৈনিক খুলনা
The news is by your side.

প্রযুক্তিনির্ভর জ্ঞান, সৃজনশীলতা এবং উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে- কেসিসি প্রশাসক

12

খুলনা মহানগরীর কোতয়ালী থানার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ৯টায় খুলনার রেভারেন্ড পলস হাইস্কুলে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের উদ্যোগে এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিস কোতয়ালী (খুলনা সদর ও সোনাডাঙ্গা)-এর বাস্তবায়নে থানা পর্যায়ের এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আহ্বান জানান।

পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. এস. এম. সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর দেশীয় প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপের বিষয়টি তুলে ধরে শিক্ষার্থীদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং যথাযথ সুযোগ ও দিকনির্দেশনা পেলে তারা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

তিনি দেশপ্রেমের অংশ হিসেবে দেশীয় পণ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

প্রতিযোগিতায় রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে সরকারি মসজিদ মেমোরিয়াল সিটি কলেজ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা, উপ-পরিচালক (মাধ্যমিক) মো. কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস. এম. ছায়েদুর রহমানসহ ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পুরো আয়োজনের সফল বাস্তবায়ন ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোতয়ালী, খুলনা এবং থানা পর্যায়ের অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. আবদুল মমিন। তাঁর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।