দৈনিক খুলনা
The news is by your side.

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

32

বাগেরহাট :

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত উপলক্ষে আগমনকে সামনে রেখে আনন্দ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাজার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমনকে কেন্দ্র করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁর আগমন উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে আসবেন। এ সময় মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়ে তাঁকে অভ্যর্থনা জানাবেন বলে তাঁরা জানান।

পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক জুয়েল, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা থেকে সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে পৌঁছে জিয়ারত করার কথা রয়েছে।