দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ছানি অপারেশন শেষে রোগীদের বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ

23

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার চক্ষু রোগীদের জন্য আয়োজিত বিনামূল্যের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় ছানি অপারেশন সম্পন্ন হওয়া রোগীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া যেসব রোগীর জটিল চক্ষু সমস্যার চিকিৎসা চলছে, তাদের চিকিৎসা সম্পন্ন করে আগামী মঙ্গলবার আয়োজক কর্তৃপক্ষ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

গত বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

রোটারি ক্লাব অব মিডটাউনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতাল, খুলনা ও ফ্রেড হলোস ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী এক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক চক্ষু রোগীর বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ছানি আক্রান্ত রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়।

খুলনা জেলা পরিষদের প্রশাসক, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, শুধু চিকিৎসা প্রদানেই নয়, অপারেশন-পরবর্তী রোগীদের যাতায়াতের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ছানি অপারেশন সম্পন্ন হওয়া রোগীদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে এবং যেসব রোগীর উন্নত চিকিৎসা প্রয়োজন, তাদের চিকিৎসা শেষে আগামী মঙ্গলবার নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের বিশেষায়িত স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।