দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

54

পাইকগাছা :

খুলনার পাইকগাছায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অপু ওরফে মুন্না (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত অপু উপজেলার গড়ইখালী এলাকার মাসুম বিল্লাহর ছেলে। তিনি মায়ের সঙ্গে ভিলেজ পাইকগাছা এলাকায় বসবাস করতেন। গত প্রায় তিন মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে হেলপার হিসেবে কাজ করছিলেন।

স্বজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে প্রচণ্ড জ্বর নিয়ে অপুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রেজাউল ইসলাম জানান, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় অপু মারা যান।

উল্লেখ্য, কয়েক দিন আগে পাইকগাছায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্থানীয় এক কলেজশিক্ষকেরও মৃত্যু হয়।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন, পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিলেও আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ রয়েছে। এ পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

তিনি বলেন, এ সময়ে অসুস্থ হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া উচিত। পাশাপাশি পরিবারের সবাইকে ডেঙ্গু বিষয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে।