পাইকগাছা :
খুলনার পাইকগাছায় সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও অভিযোজন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি সেবা প্রাপ্তি সহজ করতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর দাবি জানানো হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন এ সমন্বয় সভার আয়োজন করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মুক্তি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সুনন্দা ভদ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তি ফাউন্ডেশনের ম্যানেজার সিদ্দিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, ব্র্যাকের প্রতিনিধি আফজাল হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি বিপ্লব ইসহাক সরদার ও তুহিন বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, সরকারি সেবা পাওয়ার অধিকার দেশের সব নাগরিকের রয়েছে। কিন্তু কোন সরকারি প্রতিষ্ঠান কী ধরনের সেবা প্রদান করে এবং কীভাবে সেই সেবা পাওয়া যায়—এ বিষয়ে পর্যাপ্ত তথ্য না থাকায় অনেক প্রান্তিক জনগোষ্ঠী সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবার তথ্য সহজে পৌঁছে দেওয়া এবং সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করা প্রয়োজন। একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের সেবা সংক্রান্ত তথ্য এক জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা করা গেলে সেবা গ্রহণে হয়রানি ও জটিলতা কমবে।
সভায় প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সব ধরনের সেবার আওতায় আনা এবং ডিজিটাল সেবা ব্যবস্থাপনা সহজ করতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর দাবি জানানো হয়। এ ব্যবস্থা চালু হলে প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।
সভায় সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, সেবার তথ্য সহজলভ্য করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।